Logo
প্রিন্ট: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম প্রকাশ: Nov ২০, ২০২৬

কলমাকান্দা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নৈশপ্রহরী চালাচ্ছেন অফিস সহকারীর দায়িত্ব

কলমাকান্দা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নৈশপ্রহরী চালাচ্ছেন অফিস সহকারীর দায়িত্ব
কলমাকান্দা প্রতিনিধি


নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পদের নিয়মবহির্ভূতভাবে একজন নৈশপ্রহরীকে দিয়ে গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও অফিস সহকারীর কাজ করানোর অভিযোগ উঠেছে। মূলত রাতের বেলা অফিসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকলেও, দিনের বেলা তাকে দাপ্তরিক নথিপত্র নাড়াচাড়া ও সেবাগ্রহীতাদের কাজের তদারকি করতে দেখা যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

ভুক্তভোগী সেবাগ্রহীতা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তরে জমির দলিল নিবন্ধন, বালাম বই সংরক্ষণ এবং নকল উত্তোলনের মতো সংবেদনশীল কাজ হয়ে থাকে। এসব কাজ করার জন্য নির্ধারিত দাপ্তরিক কর্মচারী বা অফিস সহকারী থাকার কথা থাকলেও, কলমাকান্দা অফিসে সেই কাজগুলো করছেন একজন নৈশপ্রহরী।

অভিযোগ উঠেছে, অফিস সহকারীর চেয়ারে বসে বা দাপ্তরিক কাজ করার সুযোগ নিয়ে তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় এবং হয়রানি করছেন। এছাড়া, রাতে দায়িত্ব পালনের কথা থাকলেও দিনের বেলা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় অফিসের রাতের নিরাপত্তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাগ্রহীতা বলেন, "জমির দলিল বা নকলের কাজের জন্য অফিসে গেলে দেখা যায় নৈশপ্রহরীই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তার কথামতো না চললে ফাইল আটকে রাখা হয় এবং অহেতুক ঘোরানো হয়।


সরকারি বিধি অনুযায়ী, চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নৈশপ্রহরীর সুনির্দিষ্ট দায়িত্ব হলো অফিস সময়ের পর ভবনের নিরাপত্তা রক্ষা করা। যথাযথ কর্তৃপক্ষের লিখিত আদেশ বা বিশেষ কোনো জরুরি প্রয়োজন ছাড়া তাকে দিয়ে দাপ্তরিক বা ক্লারিক্যাল কাজ করানো প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। দপ্তরের জনবল সংকটের অজুহাতে প্রায়ই এ ধরনের অনিয়ম করা হয় বলে সংশ্লিষ্টদের দাবি।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF