মোঃ রতন রহমান (কেন্দুয়া) নেত্রকোনা।
নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, ওই ছাত্রী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তার মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ছাত্রীটি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।
পরে জ্ঞান ফিরে পেয়ে নিজেকে ঘটনাস্থলে একা অবস্থায় দেখতে পায় সে। সেখান থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ভুক্তভোগীর বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ্ আলম (২৮)।
ভুক্তভোগীর বাবা ১৫ নভেম্বর অভিযুক্ত তিন যুবককে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা এবং মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।