ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে জামিনে বেরিয়েই সশস্ত্র হামলার অভিযোগ, কিডনি রোগী গুরুতর আহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 41
শ্রীপুরে জামিনে বেরিয়েই সশস্ত্র হামলার অভিযোগ, কিডনি রোগী গুরুতর আহত। ছবির ক্যাপশন :
ad728
শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
আল আমিন খান


গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে আগুন দেওয়ার মামলায় জামিনে মুক্তির পরদিনই পূর্বশত্রুতার জেরে এক কিডনি রোগীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে শামসুদ্দিন সরকার (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত ১৫ আগস্ট দুপুর ২টার দিকে শ্রীপুর পৌরসভার মধ্য ভাঙনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১৪ আগস্ট ঝুটের গুদামে আগুন দেওয়ার মামলায় জামিনে মুক্ত হন মধ্য ভাঙনাহাটি এলাকার বাদল মণ্ডল (৪২)। এর পরদিন ১৫ আগস্ট বাদল মণ্ডল তাঁর ভাই মোশারফ মণ্ডল (৩৯), বাবা হাবিজ উদ্দিন মণ্ডল (৬৫), চাচা সাফিজ উদ্দিন মণ্ডল (৬০) এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে শামসুদ্দিন সরকারের পথরোধ করেন।

অভিযোগে বলা হয়, হামলাকারীদের হাতে চায়নিজ কুড়াল, চাপাতি, রামদা, লোহার রড ও লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে বাদল মণ্ডল চায়নিজ কুড়াল দিয়ে শামসুদ্দিনকে কোপ দিলে তাঁর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল ও বাম হাতের কব্জির নিচে গুরুতর জখম হয়। মোশারফ মণ্ডল রামদা দিয়ে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে কোপ দেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন।

হামলায় শামসুদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোলা সৃষ্টি হয়। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত এবং নিয়মিত ডায়ালিসিস নেন। হামলার সময় তাঁর ডান হাতে থাকা ডায়ালিসিসের জন্য ব্যবহৃত ক্যাথেটার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে স্বজনরা জানান।

পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত শামসুদ্দিনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, হামলার পর অভিযুক্তরা তাঁকে হত্যার ও লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের

কলমাকান্দায় মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে রক্তের